হজ পালনে সৌদি পৌঁছেছেন ৭৭ হাজার ৪৩২ বাংলাদেশি, শেষ প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-২৩
ছবি: সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম।
বাংলাদেশ হজ অফিসের তথ্য অনুযায়ী, সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন।
হজযাত্রী পরিবহনে এবার অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে সরকারি কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটা ছিল ৭৩ হাজার ৯৩৫ জন। হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে রয়েছে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
এদিকে সৌদি আরবের সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় মারা গেছেন।
হজযাত্রীদের চিকিৎসাসেবায় নিয়োজিত সৌদি মেডিকেল টিম শুক্রবার পর্যন্ত ৪৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন আরও ২০ হাজার ২৮৮ জন।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে জেদ্দা থেকে ঢাকাগামী ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

error: Content is protected !!