প্রবাসীদের জন্য সিলেটে আলাদা হাসপাতালের পরিকল্পনা: আরিফুল হক

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-10-05
ছবি: সংগৃহীত

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে সিলেটসহ দেশের প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতে জেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সিলেটে প্রবাসীদের জন্য পৃথক হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (৪ অক্টোবর) সিলেট মহানগরের দরগাহ গেইট এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক সভায় এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, সিলেট বিভাগের চার জেলাসহ দেশের সব প্রবাসী অধ্যুষিত এলাকায় জেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হবে। এসব কমিটি নিয়মিত সভার মাধ্যমে প্রবাসী কল্যাণে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় করবে।

এ ছাড়া প্রবাসীদের নানা সমস্যা সমাধান, অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়ানো এবং পুনর্বাসন কার্যক্রমে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর ভূমিকা আরও কার্যকর করা হবে বলে জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। পাশাপাশি সিলেট জেলা প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

তিনি জানান, মৌলভীবাজারের জেলা প্রশাসককে ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রবাসী অধ্যুষিত জেলাতেও জেলা অভিবাসন সমন্বয় কমিটির কার্যক্রম শুরু করা হবে।

প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ চলছে।

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য বিশেষ একটি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। ওই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

সভায় সিলেটে প্রবাসীদের জন্য আলাদা একটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী।

error: Content is protected !!