ছিনতাইয়ের মিথ্যা নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে যুবক গ্রেপ্তার সিলেটে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-১৫

গ্রেপ্তার যুবকের নাম রিপন মিয়া (৩৩)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর গ্রামের মৃত আবদুল হকের ছেলে। বর্তমানে সিলেট শহরের শাহপরাণ থানা এলাকার উত্তর জাহানপুরে বসবাস করছেন।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে রিপন মিয়া ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করেন, সিলেট নগরের টিলাগড় সরকারি কলেজের সামনে তাঁকে ছিনতাই করা হয়েছে। অভিযোগে তিনি বলেন, স্থানীয় বাসিন্দা আফজল তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিয়েছেন। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রিপনকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে পুলিশ একটি গ্যারেজের সামনে জুনেদ মিয়া নামের এক ব্যক্তিকে দেখতে পায়। তখনই রিপন পুলিশের সামনেই জুনেদকে আক্রমণ করে মারধর করতে থাকেন। পরে পুলিশ দুজনকেই থানায় নিয়ে যায়। রিপন লিখিতভাবে জুনেদ, আফজল ও আরও দুই–তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। তবে তাঁর বক্তব্যে অসংলগ্নতা ও সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশ।

পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে আসে, রিপন ও আফজল ওই এলাকায় মোবাইলে জুয়া খেলছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে পাওনা টাকা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। তখন নিরাপত্তাকর্মী জুনেদ তাঁদের জায়গা ছাড়তে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে রিপন ৯৯৯-এ ফোন করে ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ তোলেন।

জিজ্ঞাসাবাদে রিপন স্বীকার করেন যে, ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি এবং তিনি পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ করেছিলেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রিপন প্রতিপক্ষকে ফাঁসাতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন। তাঁকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ৯৯৯ নম্বরে ফোন
  • মিথ্যা অভিযোগ
  • সিলেট পুলিশ খবর
  • সিলেট সংবাদ
  • error: Content is protected !!