ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশবাসীকে একটি মানসম্মত স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়া সম্ভব। জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে।
বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন জনগণের কাছে হারানো আস্থা অনেকটাই ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ইসি ও প্রশাসনিক সংস্থাগুলোর প্রতিও মানুষের আস্থা আগের তুলনায় বেড়েছে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রস্তুতি আরও জোরদার করতে কাজ চলছে। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও একই ধরনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।
সিইসি বলেন, কোনো কাজের সাফল্য নির্ধারণের প্রধান মাপকাঠি হলো তার ফলাফল। জাতীয় নির্বাচনে প্রশাসনিক সংস্থাগুলো নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
তিনি আরও বলেন, জনগণের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, তা অনেকাংশেই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। সেই আস্থা ধরে রেখে একই উচ্চমান বজায় রেখে স্থানীয় সরকার নির্বাচন সফল করতে প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ।
