ছবি: সংগৃহীত
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ থেকে এবার প্রায় ৮৯ লাখ টাকা পাওয়া গেছে। এর সঙ্গে মিলেছে স্বর্ণ এবং ১৫টি দেশের বিভিন্ন মুদ্রা। ৩৪ দিন পর শনিবার চতুর্থবারের মতো এসব দানবাক্স খোলা হয়।
শনিবার সকাল ১০টা থেকে দরগাহ প্রাঙ্গণে থাকা তিনটি দানবাক্স ও তিনটি ডেগের সিলগালা খুলে টাকা ও অন্যান্য সামগ্রী সংগ্রহ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। পরে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী দিনভর সংগৃহীত অর্থ ও অন্যান্য দানসামগ্রী গণনা করেন।
সন্ধ্যা ৬টার দিকে মাজারের আর্থিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক (সিসিক) আবদুল কাইয়ূম চৌধুরী দানের হিসাব ঘোষণা করেন।
তিনি জানান, এবার মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ১ ভরি ৯ আনা ২ রতি স্বর্ণও পাওয়া গেছে।
বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ব্রিটিশ ৫ পাউন্ড, ভারতীয় ৩ হাজার ৯৫৪ রুপি, থাইল্যান্ডের ৫ বাথ, সৌদি আরবের ৯৯.২৫ রিয়াল, মালয়েশিয়ার ২৯ রিঙ্গিত, ৮ মার্কিন ডলার, ওমানের ৯০৩ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৫৭.২৫ দিরহাম, ইরাকের ১ দিনার, কাতারের ২১.৫০ রিয়াল, ৩০.১০ ইউরো, বাহরাইনের দশমিক ২৫ দিনার, পাপুয়া নিউগিনির ৫০ টিনা, চীনের ১৫ ইউয়ান এবং ইন্দোনেশিয়ার ৫ হাজার রুপিয়াহ।
এ ছাড়া দান হিসেবে পাওয়া ছয়টি গরু ও ১১০টি ছাগলের হিসাবও রয়েছে। এর মধ্যে লঙ্গরখানার খাবারের জন্য পাঁচটি গরু ও ৭০টি ছাগল জবাই করা হয়েছে। বাকি ৪০টি ছাগল বিক্রি করে লঙ্গরখানার কর্মীদের মজুরি দেওয়া হয়েছে। একটি গরু ও একটি ছাগল দরিদ্র দুই মেয়ের বিয়ের জন্য দান করা হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট ৩৪ দিন পর তৃতীয়বারের মতো মাজারের দানবাক্স খোলা হয়েছিল। তখন দানবাক্স থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়।
