শিরোনাম

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য মাসিক সম্মানী কর্মসূচির উদ্বোধন

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৬-০৩-১৪

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা করা হয়।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে দেশের হাজার হাজার ধর্মীয় সেবককে মাসিক ভাতার সুবিধা দেওয়া হবে। সরকারের আশা, এর মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দায়িত্বশীল ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং তাদের সামাজিক মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক সম্মানী দেওয়া হবে। পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত ও সেবাইত, ১৪৪টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজকসহ সংশ্লিষ্ট ধর্মীয় ব্যক্তিরাও এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন।

প্রকল্পের আর্থিক কাঠামো অনুযায়ী, প্রতিটি মসজিদের জন্য মাসিক মোট ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা করে।

অন্যদিকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়গুলোর জন্য মাসিক ৮ হাজার টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মন্দিরের পুরোহিত পাবেন ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা। একইভাবে বৌদ্ধবিহারের অধ্যক্ষের জন্য ৫ হাজার ও উপাধ্যক্ষের জন্য ৩ হাজার টাকা এবং গির্জার যাজক ৫ হাজার ও সহকারী যাজক ৩ হাজার টাকা করে সম্মানী পাবেন।

সরকারের মতে, দেশের ধর্মীয় সম্প্রীতি জোরদার করা এবং ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!