ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেন থেকে পড়ে জুবায়ের আহমেদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনের নিকটবর্তী মাগুরছড়া এলাকার ১৬৮ নম্বর ব্রিজসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের আহমেদ কমলগঞ্জ সদর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং চোরাগ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রীমঙ্গল-ভানুগাছ রেলপথের মাঝামাঝি মাগুরছড়া এলাকায় ব্রিজের নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি থানাকে অবহিত করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি জুতা ও কিছু খুচরা টাকা উদ্ধার করা হয়েছে। নিহতের মুখের ডান পাশে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিষয়টি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
