বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নেতৃত্বে এলো বড় পরিবর্তন। পরিচালনা পর্ষদের জরুরি সভায় ভোটের মাধ্যমে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির ১৬তম সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাতিল করে ফেলে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন করা হয়।
সভায় সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন কোচ ও প্রশাসক নাজমুল আবেদীন ফাহিম, আর সহ-সভাপতি হয়েছেন পরিচালক ফাহিম সিনহা।
উল্লেখ্য, গত বছরের আগস্টে রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। কিন্তু বোর্ডের অভ্যন্তরীণ চাপ ও অভিযোগে তাকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় পরিচালকেরা। শেষমেশ এনএসসির হস্তক্ষেপে বদল আসে নেতৃত্বে।
নতুন সভাপতি আমিনুল জানিয়েছেন, তিনি স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যেই এই দায়িত্ব নিয়েছেন এবং পরবর্তী নির্বাচনে প্রার্থী হবেন না। আইসিসির অনুমতি নিয়েই এই দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া আমিনুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবেও ইতিহাসে জায়গা করে নিয়েছেন। বিসিবির বর্তমান দায়িত্বে তিনি স্বচ্ছতা ও ভারসাম্য আনার প্রত্যয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন।
