বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে আজ মঙ্গলবার (১০ মার্চ) ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার তিনটি গ্রামের ৬৯৭ জন নারী এই কার্ডের আওতায় আসছেন।
তবে প্রথম ধাপে মঙ্গলবার ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ৫১৭ জন নারী ২ হাজার ৫০০ টাকা করে পাবেন। অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণে বাকি উপকারভোগীরা পরবর্তীতে অর্থ সহায়তা পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় ও সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর এবং উত্তর সূরিয়ারপাড় গ্রামের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে তিনটি গ্রামের ৯৫৪টি পরিবারের ওপর জরিপ চালানো হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮২১টি পরিবারের তথ্য ভাতার সার্ভারে জমা দেওয়া হয়েছে।
সমাজসেবা কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে এই তিনটি গ্রামে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা পাচ্ছেন ১৭৩ জন, বিধবা ভাতা পাচ্ছেন ৮৬ জন, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৭০ জন। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি কর্মসূচির চাল পাচ্ছেন ৩৪ জন এবং খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পাচ্ছেন ৪১ জন উপকারভোগী।
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আকিল শাহ ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের মাঝামাঝি অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতীকীভাবে পাঁচজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. নাছির উদ্দিন চৌধুরীসহ জেলার অন্যান্য সংসদ সদস্য এবং পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পরিবারভিত্তিক জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ৬৯৭ জন নারী ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার ৫১৭ জনের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হবে। বাকি উপকারভোগীদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার সমাধান হলে তাদের অর্থও পরে দেওয়া হবে।

