ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। গত শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে মো. আবুল কাশেম মক্কা নগরীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। অপরদিকে মো. নইম উদ্দীন মণ্ডল একই শহরে স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেন।
বুলেটিনে আরও জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন।
ফ্লাইট পরিচালনার দিক থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৩৬টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ৩২টি এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
যাত্রী পরিবহনের হিসাব অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহন করেছে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।
উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।
