ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে জানিয়ে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম বলেছেন, এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচনমুখী হওয়ায় কোনো ষড়যন্ত্র সফল হবে না।
শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার গাবতলীতে বীজ ভাণ্ডার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সবজির বাজার পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, টানা বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। তবে এ অবস্থা দ্রুতই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারি উদ্যোগে আলু কেনা হবে এবং এর জন্য নির্ধারিত দাম বেঁধে দেওয়া হবে বলেও উল্লেখ করেন।
এ সময় তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর লুট হওয়া অনেক অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তবে নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধার করা হবে। অস্ত্র উদ্ধারের কাজ চলমান রয়েছে এবং এটি অব্যাহত প্রক্রিয়া। পাশাপাশি শুধু নির্বাচনকে কেন্দ্র করেই নয়, সার্বিক নিরাপত্তার স্বার্থে অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা কাজ করছে। দেশের বাইরে থেকে অস্ত্র ঢুকতে না পারে, সেজন্য সীমান্ত এখন আগের তুলনায় আরও বেশি সুরক্ষিত করা হয়েছে।
