ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত, ধীরে ফিরছে কর্মচাঞ্চল্য
:
বালাগঞ্জের আওয়াজ প্রকাশ: ২০২৬-০৩-২৪
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষ করে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর কর্মস্থলে যোগ দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
ঈদের ছুটি শেষে সোমবার থেকেই রাজধানীসহ বিভিন্ন অঞ্চল থেকে কর্মজীবী মানুষ কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেন। সিলেটেও বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন। এ সময় ট্রেন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
তবে ছুটি শেষে অফিস-আদালত খুললেও সিলেটে জনজীবনে এখনো পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে আসেনি। বিশেষ করে ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে, লম্বা লাইনের চাপও ছিল না।
উল্লেখ্য, গত ২১ মার্চ (শনিবার) সারা দেশে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হয় মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে সিলেটসহ সারাদেশে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।