ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড সমাজের নৈতিক অবক্ষয়ের একটি ভয়াবহ উদাহরণ। বর্তমান সরকার কোনোভাবেই শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনা মেনে নেবে না। তিনি বলেন, “আগামী এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাতে ভবিষ্যতে কেউ শিশু বা নারীর বিরুদ্ধে এমন অপরাধ করার সাহস না পায়।”
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করার মাধ্যমে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক অবিস্মরণীয় নাম। তাঁর জীবন ও কর্মকে বিশ্বসাহিত্যে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও জীবনদর্শন পৌঁছে দিতে হবে।
এ সময় তিনি জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার বিষয়টি সংশ্লিষ্টদের বিবেচনার আহ্বান জানান।
জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়, অবিচার, ক্ষুধা, দারিদ্র্য ও সকল গ্লানি দূর করার প্রত্যয় গ্রহণ করি। একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নিজেদের উৎসর্গ করি।
