ছবি; সংগৃহীত
দীর্ঘদিন পর ফের প্রাণ ফিরছে সিলেট-ছাতক রেলপথে। দেড় বছর পর আবারও এই রুটে ট্রেন চালুর প্রস্তুতি চলছে পুরোদমে। ইতোমধ্যে খাজাঞ্চী ও লামাকাজী এলাকায় দেখা গেছে রেললাইন সংস্কারের কর্মযজ্ঞ। ছাতক থেকে খাজাঞ্চী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার পুরনো রেললাইন ও স্লিপার অপসারণের কাজ শেষ হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ১৯৫৪ সালে নির্মিত এ রেলপথটি একসময় ছাতকের শিল্প ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তবে ২০২০ সালে করোনা মহামারিতে ট্রেন চলাচল বন্ধ হয় এবং ২০২২ সালের বন্যায় ১২ কিলোমিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়।
চলতি বছরের জানুয়ারিতে এ রেলপথ পুনর্গঠনের অনুমোদন দেয় সরকার। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ২১৭ কোটি টাকা। কাজ শেষ হবে ১৮ মাসে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, সংস্কারকাজ শেষ হলেই পুনরায় ট্রেন চালু হবে। এ খবরে খুশি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা মনে করছেন, রেল চলাচল শুরু হলে এলাকাজুড়ে ফিরে আসবে কর্মচাঞ্চল্য।
