২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। পরীক্ষার রুটিন প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সেশনজট কমিয়ে আনতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পাবলিক পরীক্ষা শেষ করার একটি প্রাথমিক পরিকল্পনা ছিল। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
পাবলিক পরীক্ষার সময় শিক্ষা কার্যক্রম সচল রাখতে উপজেলা পর্যায়ে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তাঁর ভাষ্য, সাধারণত পরীক্ষা চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, ফলে অন্যান্য শ্রেণির পাঠদান ব্যাহত হয়। নতুন পরীক্ষার হল নির্মাণ হলে এ সমস্যা অনেকটাই কমবে।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।