ছবি : সংগৃহীত
টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পানির কারণে সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর নির্বাহী প্রকৌশলী এমদাদু হক বলেন, উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নদ-নদীর পানির গতিপ্রকৃতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলার সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছিল।
এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানান, জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা থাকলেও পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, জেলার ১১টি উপজেলায় মোট ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, নৌযান এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে যাওয়া যায়।
