ছবি: সংগৃহীত
সিলেটের জাফলং জিরো পয়েন্টে পানিতে ডুবে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সঙ্গে ভ্রমণে আসা জিহাদ (১১) নামের শিশু নদীতে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়।
পরিবারের সদস্য এবং আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জিহাদ নরসিংদীর শিবপুর থানার পুটিয়া গ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বর্ষা মৌসুম এবং পাহাড়ি ঢলের সময় নদীর স্রোত অনেক শক্তিশালী হয়ে ওঠে, যা অনেক সময় বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নদীতে নামার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এ ধরনের দূর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
