নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেওয়ার সম্ভাবনা নেই। সুযোগ থাকলে ঢাকার সব বাড়ির গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।’
শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ এবং সিলেট-১০ নম্বর গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিলেটের স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে তাদের ঘরে গ্যাস সংযোগ চেয়ে আসলেও তা সম্ভব নয় বলে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘শিল্প কারখানাগুলো যেখানে গ্যাস পাচ্ছে না, সেখানে বাসাবাড়িতে গ্যাস দেওয়া মানেই অপচয়। এটি বন্ধ রাখা উচিত।’ তিনি আরও বলেন, সেসব এলাকায় সরকার স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহের ব্যবস্থা করবে।
জ্বালানি উপদেষ্টা জানান, প্রতিবছর দেশে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হ্রাস পাচ্ছে। এরই মধ্যে গ্যাস আমদানি বাড়াতে হচ্ছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে আমদানির ওপর নির্ভরতা কমাতে।’
তিনি জানান, কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ গ্যাস কূপ থেকে বর্তমানে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গোলাপগঞ্জ পৌর এলাকার কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭ নম্বর কূপ, বাপেক্সের রিগ বিজয়-১২ এবং ১ নম্বর কূপে ওয়ার্কওভারের প্রস্তুতকৃত রিগপ্যাড পরিদর্শন করেন। পরে তিনি কৈলাশটিলা এমএসটি প্লান্ট পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন:
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অপারেশন) মো. খালিদ আহমেদ
বাপেক্স/এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ
পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন
কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ডিজিএম ফারুক আহমদ
এমএসটি প্লান্টের ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা।
