মন্ত্রী হচ্ছেন সিলেটের দুই সাংসদ: বাণিজ্যে খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণে আরিফুল হক চৌধুরী

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-১৭

নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন সিলেটের দুই সংসদ সদস্য। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের শপথ গ্রহণের জন্য ফোন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরিফুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে খন্দকার আব্দুল মুক্তাদির পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।

সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, “সিলেটবাসী ও দেশবাসীর কাছে দোয়া চাইছি। দল যে আস্থা রেখেছে, তার যথাযথ প্রতিদান দেওয়ার চেষ্টা করব।” তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাকে অবহিত করা হয়েছে। উল্লেখ্য, এবারের নির্বাচনে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীও মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আহ্বান পেয়েছেন। তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। দল তৃণমূলের একজন কর্মীকে যে মূল্যায়ন করেছে, তার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। সকলের দোয়া কামনা করছি।” তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরিফুল হক চৌধুরী ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

অন্যদিকে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট। এ আসনে খন্দকার মুক্তাদির ৪১ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

আজ বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।

error: Content is protected !!