ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার। এ বিষয়ে আগেও যে অবস্থান জানানো হয়েছিল, সেটিই এখনো বহাল রয়েছে।
মঙ্গলবার (৫মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সম্মেলনে জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ দিয়েছেন। তাদের দেওয়া পরামর্শগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতকে আরও কার্যকর করা গেলে সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোও মজবুত হবে।
তিনি আরও বলেন, মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করতে গিয়ে জেলা প্রশাসকদের জনগণকে সম্পৃক্ত করেই কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণই রাষ্ট্রের মালিক—এই বিষয়টি সামনে রেখেই কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী অতীতের প্রসঙ্গ টেনে বলেন, বিগত সময়ে স্থানীয় সরকার খাতে নানা ধরনের ক্ষতি হয়েছে এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব বিষয় খতিয়ে দেখতে মন্ত্রণালয় থেকে তদন্ত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন অনিয়ম না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া, সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
