রুশ হামলা জোরদার, শিশুসহ নিহত ১২, হুমকির পর জেলেনস্কির ‘সরকার পরিবর্তনের’ আহ্বান

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য সময়সীমা নির্ধারণ করে হুমকি দেওয়ার পর ইউক্রেনের ওপর হামলা আরও জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাতে একাধিক ইউক্রেনীয় শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।

রাতভর চলা এসব হামলায় ছয় বছর বয়সী এক শিশুসহ অন্তত ১২ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলে একটি নয়তলা আবাসিক ভবনের একটি অংশ ধসে পড়ে হামলার অভিঘাতে।

এদিন রাশিয়ার ক্রেমলিন জানায়, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক এলাকায় একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে। এই ঘাঁটি দখলের পর এক সামরিক বিশ্লেষক মন্তব্য করেন, রাশিয়া এখন পূর্ব ইউক্রেনের দিকে আরও অগ্রসর হওয়ার চেষ্টা করতে পারে।

রুশ হামলার কয়েক ঘণ্টা পর, শীতল যুদ্ধকালীন হেলসিংকি চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়াল ভাষণে রুশ সরকারের পরিবর্তনের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, রাশিয়াকে চাপে ফেললে যুদ্ধ থামানো সম্ভব। তবে যদি বিশ্ব রাশিয়ার বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো লক্ষ্য না নেয়, তাহলে এই যুদ্ধ শেষ হলেও মস্কো তার প্রতিবেশী দেশগুলোকে অস্থিতিশীল করে যেতে থাকবে।”

error: Content is protected !!