সংঘাতকালীন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি শ্রমিক ও প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি আলী আহমদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রবাসীদের যেকোনো সংকটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদের পরিবারের সদস্যদের মতো পাশে থাকবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে তিনি জানান। আহতদের সৌদি আরবের বিভিন্ন নামকরা হাসপাতালে সরকারের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে প্রবাসীদের নিরাপত্তা ও সহায়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এ সময় মন্ত্রী নিজে উপস্থিত থেকে নিহত আলী আহমদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। পরে মরদেহটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামে নিয়ে যাওয়া হয়। সরকারের এমন সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ১ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে নিহত হন আলী আহমদ।
মরদেহ গ্রহণের সময় সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম এবং সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
