ছবি: সংগৃহীত
সিলেট নগরীর প্রতিটি সড়ক আগামী পাঁচ বছরের মধ্যে সম্প্রসারণ ও পাকাকরণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তাঁর এ পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরীতে আর কোনো কাঁচা রাস্তা থাকবে না বলে জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর ৩৪ ও ৩১ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সিসিক প্রশাসক।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও মহানগরীর প্রায় অর্ধেক সড়ক এখনো কাঁচা রয়ে গেছে। অতীতে উন্নয়নের নামে লুটপাট হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান উদ্যোগের মাধ্যমে নগরীর সড়ক যোগাযোগ ও অবকাঠামোর উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলো দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। এসব এলাকার মানুষ এখনো প্রত্যাশিত নাগরিক সুযোগ-সুবিধা পাচ্ছেন না। বর্ধিত ওয়ার্ডগুলোকে নগর উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সিসিক কাজ করছে। এর অংশ হিসেবে এসব এলাকায় ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের ভূমিকার প্রশংসা করে সিসিক প্রশাসক বলেন, সিলেটের উন্নয়নে মন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন। নগরীর সব সড়ক পাকাকরণের উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেট নগরীর সামগ্রিক চিত্র বদলে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
