সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রোববার (১৫ জুন) রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনার পর গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। ইতোমধ্যে পুলিশ অভিযানে নেমেছে।”
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, “অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেওয়া এবং রাস্তা অবরোধ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।”
তিনি আরও জানান, “মামলার প্রধান আসামি করা হয়েছে সদ্য বহিষ্কৃত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে। দ্বিতীয় আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন। এছাড়া আরও সাতজনের নাম মামলায় উল্লেখ রয়েছে।”
এর আগে শনিবার সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শন শেষে ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন স্থানীয় বালু-পাথর ব্যবসায়ী, শ্রমিকসহ একদল লোক। তারা জাফলংসহ সিলেট অঞ্চলে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ চলাকালে উপদেষ্টাদের লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভে নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, সহ-সভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান।
এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহিদ খানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
