ছবি সংগৃহীত
চিকিৎসাবিজ্ঞানে নতুন এক যুগান্তকারী সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশ পেয়েছে, মৌমাছির বিষে থাকা শক্তিশালী উপাদান মেলিটিন মাত্র এক ঘণ্টায় ১০০ শতাংশ স্তন ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই বিষ শুধুমাত্র ক্যানসার আক্রান্ত কোষকেই আক্রমণ করে, আশপাশের সুস্থ কোষকে একেবারেই ক্ষতিগ্রস্ত করে না।
গবেষণা অনুযায়ী, মেলিটিন কয়েক মিনিটের মধ্যে ক্যানসার কোষের ঝিল্লিতে প্রবেশ করে তা ভেঙে ফেলে। ফলে কোষগুলো দ্রুত অকার্যকর হয়ে যায়। যেখানে প্রচলিত কেমোথেরাপিতে সুস্থ টিস্যুও ক্ষতির মুখে পড়ে, সেখানে মেলিটিন নির্দিষ্টভাবে কেবল আক্রান্ত কোষেই আঘাত হানে—যা লক্ষ্যভিত্তিক ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।
পরীক্ষায় আরও দেখা গেছে, এই শক্তিশালী যৌগটি বিভিন্ন ধরনের স্তন ক্যানসারের বিপরীতেও সমান কার্যকর। এমনকি যেসব আক্রমণাত্মক ক্যানসার প্রচলিত চিকিৎসায় প্রতিরোধ গড়ে তোলে, সেগুলোর বিরুদ্ধেও মেলিটিন সফলভাবে কাজ করেছে।
বর্তমানে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে মেলিটিন তৈরি করে তা লক্ষ্যভিত্তিক ক্যানসার চিকিৎসায় ব্যবহারের লক্ষ্যে গবেষণা চালাচ্ছেন। ফলে প্রকৃতির ভেতরে থাকা শক্তিকে আধুনিক বিজ্ঞানের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা আরও উন্মুক্ত হচ্ছে।
গবেষকদের ভাষায়, যাকে দেখে মানুষ সাধারণত ভয় পায়—সেই ক্ষুদ্র মৌমাছির দংশনই ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে। এই আবিষ্কার প্রমাণ করছে, মানবজাতির বড় বড় রোগের সমাধান প্রকৃতিতেই লুকিয়ে আছে।
