জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করে নিয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। অভিযোগ করার পর বিষয়টি নিয়ে ৪৮ ঘণ্টার সময় চেয়ে মুলতবি রাখার আবেদন করেছিলেন সৌরভ।
সম্প্রতি তাসকিনের বিরুদ্ধে বন্ধুদের মারধরের অভিযোগ উঠে আসে, যা দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে তাসকিন নিজেকে নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে অভিযোগ অস্বীকার করেন।
অবশেষে উভয় পক্ষের পরিবার একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন। আলোচনার পর মিরপুর মডেল থানায় করা অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেন সিফাতুর রহমান সৌরভ।
ঘটনার সূত্রপাত ঘটে ২৮ জুলাই। ওই দিন হঠাৎই আলোচনায় চলে আসে দেশের ক্রিকেট। তবে বিষয়টি মাঠের খেলার নয়, বরং জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে ওঠে তার শৈশববন্ধু সৌরভকে মারধরের অভিযোগ। সৌরভ মিরপুর মডেল থানায় তাসকিনের নামে মারধর ও হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুর রহমান জানিয়েছিলেন, “রবিবার রাতে সোনি সিনেমা হলের সামনে সিফাতুরকে ডেকে নেন তাসকিন। এরপর তাকে ঘুষি মারেন এবং হুমকি দেন।”
পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানিয়েছিলেন ওসি সাজ্জাদুর রহমান।
তবে পরে সৌরভ গণমাধ্যমকে জানান, বন্ধুর ক্যারিয়ার ও ভবিষ্যতের কথা বিবেচনায় তিনি অভিযোগ তুলে নিতে চান। সে অনুযায়ী, তাসকিনের সঙ্গে কথা বলার পর তিনি অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এবং সেটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেন।
