পানি পানের ৪ ভুল— যা নষ্ট করতে পারে আপনার সুস্বাস্থ্য

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-২৯
ছবি: সংগৃহীত

আমরা সবাই জানি— জীবনধারণে পানির বিকল্প নেই। চিকিৎসক ও পুষ্টিবিদরা প্রতিদিন পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেন। তবে শুধু পানি পান করলেই হলো না, কীভাবে পানি খাচ্ছেন সেটিও শরীরের সুস্থতার জন্য সমান জরুরি।

অনেক সময় নিয়মিত পানি পান করলেও কিছু সাধারণ ভুলের কারণে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, সময়মতো সতর্ক না হলে এগুলো থেকে তৈরি হতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি।

পানি পানে যেসব ভুল এড়িয়ে চলা জরুরি

১. দ্রুত পানি পান করা
তৃষ্ণা মেটাতে অনেকেই এক নিঃশ্বাসে পানি গিলে ফেলেন। বিশেষজ্ঞদের মতে, এটি শরীরের জন্য হঠাৎ চাপ তৈরি করে। পানি ধীরে ধীরে পান করা উচিত এবং গিলে ফেলার আগে কয়েক সেকেন্ড মুখে ধরে রাখা ভালো। এতে শরীর সহজে পানি শোষণ করতে পারে।

২. অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি পান
গরমে ঠান্ডা পানি বা শীতে গরম পানি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। কিন্তু এটি শরীরের ওপর বাড়তি চাপ ফেলে। শরীরকে আগে পানিকে স্বাভাবিক তাপমাত্রায় আনতে হয়, ফলে হজমে সমস্যা ও ক্লান্তি দেখা দিতে পারে। তাই সবসময় স্বাভাবিক তাপমাত্রার পানি পান করাই উত্তম।

৩. খাবারের সময় পানি পান
খাবারের সঙ্গে বা খাবার খাওয়ার মাঝখানে পানি পান করলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। এতে অম্বল, গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে। তাই খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা আগে বা পরে পানি পান করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৪. প্লাস্টিকের বোতলে পানি রাখা
প্লাস্টিকের বোতলে পানি রেখে সরাসরি পান করা অনেকের অভ্যাস। কিন্তু এতে বিপিএ ও অন্যান্য রাসায়নিক পানির সঙ্গে মিশে শরীরে প্রবেশ করে। এগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করে, প্রজনন সমস্যা তৈরি করে এবং দীর্ঘমেয়াদে ক্যানসারসহ জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের পরামর্শ

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, বরফ ঠান্ডা পানি হজমের ক্ষমতা কমায় এবং পাকস্থলীতে সমস্যা সৃষ্টি করে। অন্যদিকে হালকা গরম পানি শরীরের জন্য বেশি উপকারী, এটি রক্তসঞ্চালন বাড়ায়, ত্বক পরিষ্কার রাখে এবং ব্রণ কমাতে সহায়তা করে।

চিকিৎসকদের মতে, প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাঁচ, স্টিল বা মাটির পাত্রে পানি সংরক্ষণ করা নিরাপদ। পাশাপাশি প্রতিদিন কতটা পানি খাচ্ছেন, তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া উচিত— কীভাবে পানি খাচ্ছেন, সেটির ওপর।

error: Content is protected !!