ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটদানের হার ৬০ দশমিক ২৬ শতাংশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
ইসি সূত্রে জানা যায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটিরও বেশি এবং ‘না’ ভোট পড়েছে প্রায় ২ কোটি ২৫ লাখের বেশি। দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফল আপাতত স্থগিত রাখা হয়েছে।
ইসি সচিব আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। অপরদিকে একই সময়ে অনুষ্ঠিত গণভোটে অংশগ্রহণের হার কিছুটা বেশি হয়ে দাঁড়ায় ৬০ দশমিক ২৬ শতাংশে।
দলভিত্তিক ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বোচ্চ ২০৯টি আসনে জয় পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন।
অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফতে মজলিস ২টি আসনে জয়লাভ করেছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি এবং গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। এছাড়া সাতজন স্বতন্ত্র প্রার্থীও বিজয়ী হয়েছেন।
