ছবি সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি করা সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ৬ অক্টোবরের নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।
সোমবার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ সংক্রান্ত রিটের শুনানি শেষে আদেশ দেওয়া হয়।
এর আগে বিসিবি সভাপতির ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রাজবাড়ীর মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম নামে চার ব্যক্তি রিট দায়ের করেন।
রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আদালত উক্ত চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন এবং ১০ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন। তবে এ সময়ের জন্য চিঠির কার্যকারিতা স্থগিত থাকায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। কারণ, ১৭ সেপ্টেম্বরের মধ্যে যেসব কাউন্সিলরের নাম তালিকাভুক্ত হয়েছিল তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
প্রসঙ্গত, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো থেকে নির্ধারিত সময়ে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকেরা কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে ফরম জমা দেন। তবে কিছু অ্যাডহক কমিটি মনোনয়ন না দিলে তাদের আবেদন বাতিল করে দেন বিসিবি সভাপতি। এমনকি প্রধান নির্বাহীর পরিবর্তে নিজে সই করে নতুন কাউন্সিলর মনোনয়নের সিদ্ধান্ত দেন তিনি। বিষয়টি নিয়েই আইনি জটিলতা তৈরি হয়েছিল।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।
