ছবি সংগৃহীত
২০২৬ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই। প্রাথমিকভাবে ৪ লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ অক্টোবরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি টাকা পরিশোধ করে প্যাকেজ গ্রহণ করতে হবে। খুব শিগগিরই ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে মন্ত্রণালয়।
সরকারি ব্যবস্থাপনায় ইচ্ছুকরা www.hajj.gov.bd ওয়েবসাইট, লাব্বাইক অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ইসলামিক ফাউন্ডেশনের অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। বেসরকারি হজযাত্রীদের অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।
সভায় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারসহ হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
