ছবি: সংগৃহীত
দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া ফের চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।
শুক্রবার (২১ আগস্ট) এফডব্লিউসিএমএসের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়। তবে তালিকা প্রকাশ করা হলেও বাংলাদেশ থেকে কবে কর্মী নেওয়া শুরু হবে কিংবা নিয়োগের পূর্ণাঙ্গ প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে এখনো মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এফডব্লিউসিএমএসের তালিকায় থাকা ২৫টি প্রতিষ্ঠান হলো— বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
এর আগে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১৭ হাজার বাংলাদেশি কর্মী দেশটিতে প্রবেশ করতে পারেননি। পরে তাদের মধ্য থেকে প্রায় ৮ হাজার কর্মীকে পুনরায় নিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। তবে সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তাদের একটি বড় অংশ এখনো মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এ সংখ্যা প্রায় ৫ হাজার বলে জানা গেছে।
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলও বিষয়টি নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেসব উদ্যোগের পরও শ্রমবাজার পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
এরপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। তার সফরকে ঘিরে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়। সফরের পর বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা আরও জোরালো হয়।
এ অবস্থায় এফডব্লিউসিএমএসের ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ নতুন করে আগ্রহ তৈরি করেছে। তবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো কীভাবে নির্বাচিত হয়েছে, কবে থেকে নিয়োগ কার্যক্রম শুরু হবে, কর্মী বাছাইয়ের পদ্ধতি কী হবে এবং মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
