ছবি: সংগৃহীত
সিলেট-যুক্তরাজ্য রুটে সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত এবং বিমানবন্দরে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য সিলেটি বংশোদ্ভূত আফসানা বেগম।
শুক্রবার (৯ অক্টোবর) সিলেটের খাদিমনগরে ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব দাবি তুলে ধরেন। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তিনি। নারীর ক্ষমতায়নের বিষয়টিও আলোচনায় তুলে ধরেন এই সংসদ সদস্য।
আফসানা বেগমের নেতৃত্বে যুক্তরাজ্যের তিন সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল সিলেট সফর করছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন লর্ড কুরবান হুসাইন ও সংসদ সদস্য শওকত আদম। আফসানা বেগম যুক্তরাজ্যের পার্লামেন্টের ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন বাংলাদেশ’-এর চেয়ার এবং পপলার অ্যান্ড লাইমহাউসের সংসদ সদস্য।
ব্র্যাক আয়োজিত ‘Roots and Routes: Bangladesh’s present & future and contribution of UK migrants’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেশে আসার পর তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। প্রবাসীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি তাঁদের বৈধ সম্পত্তি অন্যায়ভাবে দখল ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিসিক প্রশাসক আরও বলেন, প্রবাসীদের জমি দখল কিংবা জমিসংক্রান্ত কোনো সমস্যার অভিযোগ পাওয়া গেলে প্রশাসন তাঁদের পাশে থাকবে। এ ধরনের অভিযোগ সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সমস্যা সমাধানে সরকার প্রকল্প গ্রহণ করেছে জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রানওয়ের সমস্যা সমাধান হলে লন্ডন-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে প্রবাসীদের যাতায়াত আরও সহজ হবে এবং সিলেট থেকে সরাসরি যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ বাড়বে।
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বিভিন্ন নির্বাচনী এলাকার বাসিন্দাদের কাছে এসব তথ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সহযোগিতাও কামনা করেন সিসিক প্রশাসক।
বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ সহযোগিতা ছিল। দেশের অর্থনৈতিক উন্নয়নেও দেশটির অবদান রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে বাংলাদেশের চারজন সদস্য থাকা দেশের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা এবং নারীদের শিক্ষকতা পেশায় আসার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। এসব পদক্ষেপ নারীশিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করে।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে নারীদের সমাজের মূলধারায় যুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও বৃত্তিসহ নানা কর্মসূচির ফলে সিভিল সার্ভিস, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। নারীর ক্ষমতায়ন যত বাড়বে, বাংলাদেশ তত এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
গোলটেবিল বৈঠকে সিলেটের বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকতা, শিক্ষা, ব্যবসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ডা. চৌধুরী মো. জাবের সাদেক, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, চা শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি রাজু গোয়ালা, এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজী, সিআরপি সিলেটের সেন্টার ম্যানেজার আরিফ শাকিল নাহিদ, ইউকেবিইটির কমিউনিকেশন অফিসার তুহফা হুসাইন নোভা, এমবিসিওএসের প্রতিনিধি নুরুল আমিন এবং ব্র্যাকের কর্মকর্তারা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কেএএম মোর্শেদ।
