আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
এ উপলক্ষে প্রবাসী নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় নির্দেশনা ও দলিলাদির বিস্তারিত তথ্য জানিয়ে একটি পরিপত্র জারি করেছে ইসি। পরিপত্রটি জারি করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খানআবি শাহানুর খান।
ইসির নির্দেশনা অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির জন্য নিম্নলিখিত দলিলাদি জমা দিতে হবে—
অনলাইনে পূরণ করা নিবন্ধন ফরম-২ক
জন্ম নিবন্ধন সনদ (অনলাইন যাচাইসহ)
বাংলাদেশি পাসপোর্টের কপি (মেয়াদ আছে বা মেয়াদোত্তীর্ণ)
বিদেশি পাসপোর্টের কপি অথবা সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন বাংলাদেশি এনআইডি ধারীর স্বাক্ষরিত নাগরিকত্ব প্রত্যয়নপত্র (নির্ধারিত ফরমে)
আবেদনকারীর মা-বাবার এনআইডির কপি, প্রয়োজনে জন্মনিবন্ধন, মৃত্যুসনদ, ওয়ারিশ সনদ বা নাগরিক সনদ
এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি
প্রয়োজন অনুসারে শিক্ষা সনদ (এসএসসি/জেএসসি/পিইসি), নিকাহনামা, স্বামী/স্ত্রীর এনআইডি, কাউন্সিলর বা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, এবং সংশ্লিষ্ট ঠিকানা-সম্বলিত ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্স রশিদের কপি জমা দিতে হবে।
বিশেষ ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের ঘোষিত ৫৬ উপজেলা বা থানার আবেদনকারীদের জন্য বিশেষ তথ্য ফরম পূরণ করতে হবে।
পরিপত্রে বলা হয়েছে, মিশন অফিস থেকে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত তারিখে আবেদনকারীকে সশরীরে উপস্থিত থেকে সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ সময় আবেদনকারীকে ছবি, দশ আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান ও স্বাক্ষর প্রদান করতে হবে।
অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্রও নিবন্ধন কেন্দ্রে (মিশন অফিসে) জমা দেওয়া যাবে। তবে প্রয়োজনে আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসারে দলিলাদি জমা দিতে পারবেন।
এছাড়া প্রবাসী নিবন্ধনের জন্য ফরম-২কে-তে প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার সরেজমিন তদন্ত প্রতিবেদন তৈরি করবেন, যা ভোটার নিবন্ধনের জন্য অবশ্যকীয় শর্ত হিসেবে গণ্য হবে।
