ছবি: সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের ফাইনালে আজ রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও গুজরাট টাইটান্স। দুই দলই দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
গত মৌসুমে একই মাঠে পাঞ্জাব কিংসকে হারিয়ে দীর্ঘ ১৮ বছরের ট্রফি-খরা কাটিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। অন্যদিকে ২০২২ সালে অভিষেক মৌসুমেই শিরোপা জিতেছিল গুজরাট টাইটান্স। পাঁচ বছরের ইতিহাসে এটি তাদের তৃতীয় ফাইনাল।
ফাইনালকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তবে উত্তর-পশ্চিম ভারতে সাম্প্রতিক ঝড়-বৃষ্টির কারণে কোয়ালিফায়ার-২ শেষে আহমেদাবাদে ফিরতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে গুজরাট দলকে। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ফাইনালের রাতে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ফলে ম্যাচ আয়োজনে বড় ধরনের কোনো শঙ্কা নেই।
তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখে ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ম্যাচ চলাকালে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে পরদিন ঠিক সেখান থেকেই খেলা পুনরায় শুরু হবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, যদি মূল ম্যাচের দিন এবং রিজার্ভ ডে—উভয় দিনই বৃষ্টির কারণে খেলা সম্পন্ন করা সম্ভব না হয়, তাহলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের অবস্থানের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। সে ক্ষেত্রে গুজরাট টাইটান্সের চেয়ে এগিয়ে থাকায় টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ফাইনালের আগে আত্মবিশ্বাসে এগিয়ে রয়েছে আরসিবি। প্রথম কোয়ালিফায়ারে গুজরাটকে বড় ব্যবধানে হারিয়েই তারা সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছিল। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে গুজরাট।
এদিকে আরসিবি শিরোপা জিততে পারলে অধিনায়ক রজত পাতিদারও গড়বেন নতুন ইতিহাস। তিনি মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার পর তৃতীয় অধিনায়ক হিসেবে টানা দুই মৌসুমে আইপিএল ট্রফি জয়ের বিরল কীর্তিতে নাম লেখাবেন।
সব মিলিয়ে শিরোপা নির্ধারণী এই মহারণ ঘিরে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা এখন চরমে। শেষ পর্যন্ত আইপিএলের মুকুট কার মাথায় ওঠে, সেদিকেই নজর সবার।
