ছবি: সংগৃহীত
দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে উপজেলা সদরের ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছে কমিশন।
রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রথম পর্যায়ে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে, ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য সংগ্রহের পরিকল্পনার কথাও জানিয়েছেন ইসি সচিব। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইভিএম ব্যবহারের বিষয়ে আখতার আহমেদ জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন।
