দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-১৯

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন একদিন পিছিয়েছে। ফলে এবার ৩০ রোজা পূর্ণ করে আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে ঈদ উদ্‌যাপিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সভা শেষে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

এ অবস্থায় শুক্রবার রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে। একই দিনে দেশব্যাপী উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় চাঁদ দেখা কমিটির ১৭ সদস্যের এই বৈঠক প্রতি আরবি মাসের ২৯ তারিখে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।

error: Content is protected !!