ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিদায় নেবেন তিনি। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে তার জন্মস্থান জামাইকার সাবিনা পার্কে।
রাসেলের পর সিরিজের শেষ তিন ম্যাচের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ অলরাউন্ডার ম্যাথিউ ফোর্ডকে। সিরিজের বাকি ম্যাচগুলো হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে।
৩৭ বছর বয়সী রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তার ব্যাটে এসেছে ১,০৭৮ রান এবং বল হাতে নিয়েছেন ৬১টি উইকেট। ২০১২ ও ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
বিদায়ের ঘোষণা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাসেল। বলেন, “মারুন জার্সি গায়ে তোলার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। ছোটবেলায় কখনো ভাবিনি যে এতদূর আসতে পারব। যখন খেলাটা ভালোবাসতে শিখি, তখনই বুঝতে পারি কত কিছু অর্জন সম্ভব। আমি চেয়েছিলাম এমন কিছু রেখে যেতে, যা ভবিষ্যতের ক্যারিবীয় ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।”
তিনি আরও বলেন, “নিজের ঘরের মাঠে, পরিবারের সামনে খেলার সুযোগ পাওয়া সত্যিই অমূল্য। সেখান থেকেই আমার বিদায় হবে, এটাই আমার জন্য বড় গর্ব।”
ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি রাসেলের প্রশংসা করে বলেন, “রাসেল সবসময় একজন যোদ্ধা ছিল। আমি যখন অধিনায়ক ছিলাম বা এখন কোচ হিসেবে, সে কখনো ওয়েস্ট ইন্ডিজের জন্য জেতার তাড়না হারায়নি। তার ভবিষ্যতের যাত্রার জন্য শুভকামনা রইল।”
এই সিরিজে প্রথমবার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন দুই উদীয়মান ক্রিকেটার:
জুয়েল অ্যান্ড্রু (১৮ বছর): গত অক্টোবরে ওয়ানডে অভিষেক করা এই ব্যাটার আক্রমণাত্মক ব্যাটিং এবং স্পিনবোলারদের বিরুদ্ধে রেঞ্জ-হিটিংয়ে দক্ষ। উইকেটকিপিংয়েও পারদর্শী।
জেডাইয়া ব্লেডস: গত বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় এই বাঁহাতি পেসারের। সদ্য শেষ হওয়া ব্রেকআউট লিগে পাওয়ারপ্লে-তে সর্বোচ্চ উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড (অস্ট্রেলিয়ার বিপক্ষে)
অধিনায়ক: শাই হোপ
অন্যান্য সদস্য: জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজাররি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড
টি-টোয়েন্টি সিরিজ সূচি:
২০ জুলাই – ২৮ জুলাই
প্রথম তিন ম্যাচ: সাবিনা পার্ক, জামাইকা
শেষ তিন ম্যাচ: ওয়ার্নার পার্ক, সেন্ট কিটস
