অনুমোদন পেল ঢাকার তিন মেট্রোরেল প্রকল্প

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-09-16
ছবি: সংগৃহীত

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্প তিনটি হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনটি প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করছে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা)। একনেক সভায় এ দুটি প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদসংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়িত হবে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প। এর রুট গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত।

পরিকল্পনা কমিশন সূত্র জানায়, একনেকের মূল এজেন্ডায় শুরুতে শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। পরে প্রকল্পগুলোর সমন্বিত অগ্রগতি বিবেচনায় নিয়ে জাইকার অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় তোলা হয়।

জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।

এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

অন্যদিকে, এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার থাকবে পাতালপথ। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

error: Content is protected !!