নতুন যে নির্দেশনা দিল সিলেট জেলা প্রশাসন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-১৮
ছবি সংগৃহীত

সিলেট মহানগরীর প্রধান সড়ক ও জনবহুল এলাকায় হকারদের দখলদারিত্ব দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম রোধে এবার কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দিন কিংবা রাত—যেকোনো সময় হকারি ও অস্থায়ী দোকান বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) থেকে সিলেট মহানগরীতে জেলা প্রশাসনের এ নির্দেশনা কার্যকর হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট-এর আদেশে জানানো হয়েছে— বন্দরবাজার, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা ও চৌহাট্টাসহ নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় দিনে ও রাতে কোনো ধরনের হকার বা অস্থায়ী দোকান বসানো যাবে না।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কেউ যদি এ নির্দেশ অমান্য করে নির্ধারিত এলাকায় হকারি কার্যক্রম চালান, তবে প্রযোজ্য আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সিদ্ধান্তের ফলে নগরীতে চলাচল আরও নির্বিঘ্ন ও শৃঙ্খলাপূর্ণ হবে এবং জনদুর্ভোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসন জানিয়েছে, নগরবাসীর সুবিধা ও একটি পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তুলতে সবার সহযোগিতা অপরিহার্য।

সিলেট মহানগরীর প্রধান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার এই উদ্যোগ কতটা সফল হয়—এখন তা-ই দেখার বিষয়।

 

error: Content is protected !!