ছবি: সংগৃহীত
সিলেট নগরে অপরাধ দমন, কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৬১ জনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গতকাল ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার রাতে ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে, মাছিমপুর, উপশহরসহ নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় রাতের বেলা অপ্রয়োজনে আড্ডা, মাদক সেবন ও জুয়া খেলার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ব্যক্তি, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংয়ের সদস্য এবং মেট্রোপলিটন অধ্যাদেশের মামলায় অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন।
অভিযানের সময় গাঁজা, ইয়াবা ও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপকমিশনার মো. আফজাল হোসেন।
এসএমপি জানিয়েছে, নগরের অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
