দেড় বছরের ব্যবধানে নতুন করে প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে এ তথ্য জানিয়েছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা, হত্যা ও নিপীড়নের কারণে রোহিঙ্গারা এখনো পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। এই সংকট সমাধানে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ।
রাষ্ট্রদূত বলেন, রাখাইনে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা রক্ষায় দ্রুত অনুকূল পরিবেশ গড়ে তোলা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব।
উল্লেখ্য, ওআইসির উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক একটি রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এতে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির পাশাপাশি দায়মুক্তির সংস্কৃতি অবসানে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে সময়সীমাবদ্ধ ও বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
