ছবি: সংগৃহীত
চা আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে অফিসের বিরতি কিংবা বিকেলের আড্ডা—সবক্ষেত্রেই এক কাপ চা যেন ক্লান্তি দূর করার সঙ্গী। তবে অনেকেই সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে দুধ চা খাওয়ার অভ্যাসে অভ্যস্ত। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরীর মতে—
চা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উৎস। এটি শরীর থেকে টক্সিন দূর করতে এবং প্রদাহ কমাতে সহায়ক। এছাড়া চায়ের কিছু উপাদান মানসিক প্রশান্তি এনে মেজাজ ভালো করে। তবে উপকারিতা সঠিকভাবে পেতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি।
খালি পেটে দুধ চা খেলে শরীরে গ্যাস, অস্বস্তি ও অ্যাসিডিটি বেড়ে যায়। অনেক ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিসের কারণও হতে পারে। তাই সকালে একেবারেই না খেয়ে দুধ চা পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন কোয়েল পাল।
খালি পেটে দুধ চা না খেয়ে লিকার চা (দুধ ছাড়া চা) পান করা যেতে পারে। তবে এতে চিনি না মেশানোই ভালো। কারণ চিনি দিলে ওজন বাড়া এবং রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর দুধ চা পান করা নিরাপদ। এছাড়া বেশি চর্বিযুক্ত দুধের পরিবর্তে ফ্যাটলেস দুধ ব্যবহার করলে ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।
লিকার চা: দিনে ৩-৪ কাপ পর্যন্ত পান করা যায়।
দুধ চা: দিনে সর্বোচ্চ ২ কাপের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।
এর বেশি দুধ চা পান করলে গ্যাস, অ্যাসিডিটি ছাড়াও লিভার ও কিডনির ওপর চাপ তৈরি হতে পারে।
সবশেষে বলা যায়—চা আমাদের সবার প্রিয় পানীয় হলেও ভুল সময়ে বা ভুলভাবে পান করলে তা উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই যাদের খালি পেটে দুধ চা খাওয়ার অভ্যাস আছে, এখনই তা পরিবর্তনের সময়।
