শিরোনাম

কিডনি সুস্থ রাখতে খেতে পারেন এই ৫টি খাবার

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-১২-০২
ছবি সংগৃহীত

কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীরের ফিল্টারের কাজ করে। এটি রক্ত থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি অপসারণের পাশাপাশি রক্তচাপ, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তবে বয়স বাড়লে কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। প্রশ্ন হলো, কেন এই সমস্যা দেখা দেয়?

মূলত দীর্ঘসময় ধরে পর্যাপ্ত পানি না পান করা, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অতিরিক্ত মদ্যপানের মতো অভ্যাস কিডনির ওপর মারাত্মক চাপ ফেলে। একবার গুরুতর সমস্যা শুরু হলে তা আর সম্পূর্ণভাবে ঠিক হয় না, বরং সময়ের সঙ্গে ঝুঁকি আরও বাড়ে। তাই কিডনি সুস্থ রাখতে সতর্ক থাকা এবং সঠিক খাবার বেছে নেয়া জরুরি। দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু খাবার যুক্ত করলে কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। চলুন সেই খাবারগুলো জেনে নিই—

বাঁধাকপি

বাঁধাকপিতে পটাশিয়ামের পরিমাণ কম থাকায় কিডনির সমস্যায় ভোগা ব্যক্তিরাও নিশ্চিন্তে এটি খেতে পারেন। এতে ভিটামিন কে, ভিটামিন সি, ফাইবার ও ফলেট রয়েছে, যা শরীরের প্রদাহ কমিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কিডনিতে প্রদাহ থাকলে তা কমাতে সহায়তা করে এবং কোষ মেরামতে ভূমিকা রাখে, ফলে টিস্যু সুরক্ষিত থাকে। নিয়মিত খাদ্যতালিকায় বাঁধাকপি রাখা কিডনি সুরক্ষায় কার্যকর।

লাল আঙুর

লাল আঙুরে থাকা পলিফেনল কিডনিতে রক্তপ্রবাহ বাড়ায় এবং প্রদাহ কমাতে সহায়তা করে। এসব উপাদান টক্সিন ও রক্তের অতিরিক্ত শর্করার ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত লাল আঙুর বা আঙুরের রস সেবনে কিডনির প্রাথমিক সমস্যায় উপকার পাওয়া যেতে পারে। তাই দৈনন্দিন খাবারে অল্প পরিমাণ লাল আঙুর রাখা কিডনির জন্য ভালো।

রসুন

রসুনে প্রদাহ কমানোর ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, যা কিডনির প্রদাহ কমাতে এবং শরীরের স্ট্রেস নিয়ন্ত্রণে সহায়ক। গবেষণায় দেখা যায়, নিয়মিত রসুন খেলে কিডনির ক্ষতি কমে এবং কোষের ওপর সুরক্ষামূলক প্রভাব তৈরি হয়। পাশাপাশি রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা কিডনি ক্ষতির প্রধান কারণগুলোর একটি। প্রতিদিনের খাবারে রসুন অন্তর্ভুক্ত করা কিডনির স্বাস্থ্যে বাড়তি সুবিধা দেয়।

ব্লুবেরি

ব্লুবেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকে, যা কিডনির প্রদাহ কমায় এবং ক্ষতি থেকে রক্ষা করে। নিয়মিত ব্লুবেরি সেবনে কিডনির কার্যক্ষমতা উন্নত হয় ও কিডনি রোগের ঝুঁকি কমে। এতে থাকা উপাদানগুলো ফ্রি র‍্যাডিকাল ধ্বংস করে, যা কিডনির জন্য ক্ষতিকর। তাজা বা ফ্রোজেন— প্রতিদিন এক মুঠো ব্লুবেরি খাওয়া উপকারী।

ফুলকপি

ফুলকপি কিডনির জন্য একটি উপকারী খাবার। এতে পটাশিয়াম কম এবং প্রচুর ভিটামিন সি, ভিটামিন কে, ফলেট ও ফাইবার থাকে। এসব উপাদান কিডনিতে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে সুরক্ষা দেয়। তাছাড়া ফুলকপিতে থাকা বিশেষ যৌগগুলো কিডনির কোষ রক্ষা করে। নিয়মিত ফুলকপি খেলে শরীরের ডিটক্স প্রক্রিয়া শক্তিশালী হয় এবং কিডনির কার্যক্ষমতা বাড়ে। আলু বা রুটির বদলে ফুলকপি রাইস খেলে পটাশিয়াম কমে, আবার প্রয়োজনীয় পুষ্টিও পাওয়া যায়।

বি.দ্র.: এই তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

error: Content is protected !!