ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে থাকা বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
তারা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন এবং দায়িত্ব পালনের পূর্বে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ধারা ৫ অনুযায়ী এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দিনসহ ভোটের পরবর্তী দুই দিন পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা রাখবেন। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে তাদের দায়িত্ব বণ্টন ও কার্যপরিধি নির্ধারণ করবেন। পাশাপাশি প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমের তথ্য নির্ধারিত ফরমে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে।
