শিরোনাম

আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের ফোনালাপ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-০৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে দুই নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, আলাপচারিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন। জবাবে ইউএই প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি দেশটির সরকার যে সহযোগিতা ও যত্নশীলতা দেখাচ্ছে, সে জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত ইউএই দূতাবাসের কর্মকর্তাদের বিভিন্ন সহায়তার জন্যও ধন্যবাদ জানান তিনি।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

প্রেস সচিব সালেহ শিবলী জানান, চলমান আঞ্চলিক সংঘাত যেন আরও বিস্তৃত না হয় এবং এর প্রভাব যাতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত না করে—সে বিষয়ে উভয় নেতা গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি বিদ্যমান সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন তারা।

error: Content is protected !!