ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত ৫২ জন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ মে) হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স ছিল ৮ মাস এবং তার বাড়ি দক্ষিণ সুনামগঞ্জে। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি সিলেটের শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেট বিভাগে আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
