জরুরি মেরামত ও উন্নয়ন কাজের অংশ হিসেবে শনিবার (২৪ জানুয়ারি) সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–৩ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশল স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ট্রান্সফরমার মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এই সময়ে ১১ কেভি পুলিশ লাইন ও ইন্ডাস্ট্রি ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে নগরীর রেলওয়ে স্টেশন, কদমতলী, আলমপুর, গোটাটিকর, বিভাগীয় কমিশনার কার্যালয় এলাকা, ডিআইজি অফিস, বিসিক শিল্প এলাকা, বাইপাস সড়ক, দক্ষিণ সুরমা থানা, পিরিজপুর, চন্ডিপুল ও গহরপুর এলাকায়।
এছাড়াও নির্ধারিত সময়ে নর্থইস্ট মেডিকেল কলেজ, বঙ্গবীর রোড, বলদি, লতিপুর, বানেশ্বরপুর, তেঁতুলতলা, দারোগা বাড়ি, লালারচক, আহমেদপুর, খিদিরপুর, তেলিবাজার, তেঁতলি, আতিরবাড়ী ও লক্ষ্মীপুরসহ আশপাশের এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ–৩ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
