শিরোনাম

তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মাদরাসাছাত্রের মৃত্যু

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-৩০
ছবি সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় তাহাজ্জুদ নামাজ আদায়ের সময় তার মৃত্যু ঘটে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন।

মৃত আকরাম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন জানান, আকরাম ইতোমধ্যে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করেছিল। প্রতিদিনের মতো শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য শিক্ষার্থীদের সঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে। নামাজ চলাকালীন অসুস্থ হয়ে হঠাৎ আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান জানান, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

error: Content is protected !!