শিরোনাম

হজযাত্রীর জন্য বিমানের দুইবার ফেরা: আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত!

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৫-২৬

হজযাত্রীর জন্য বিমানের দুইবার ফেরা: আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত!


লিবিয়ার দক্ষিণাঞ্চলের সাহসী এক যুবক, আমের মাহদি মনসুর আল-কাযাযফি, এ বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হয়েছিলেন। কিন্তু যাত্রার শুরুতেই ঘটল এমন এক অভাবনীয় ঘটনা, যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ ঘটনাকে অনেকেই ইখলাস ও আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ হিসেবে দেখছেন।

ঘটনাটি ঘটেছিল দুই দিন আগে, দুপুর ঠিক ১২টার দিকে। এটি ছিল হজযাত্রীদের নির্ধারিত ফ্লাইটের সময়। আমের ছিলেন তার দলের সর্বশেষ সদস্য, যিনি মিশর হয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে ট্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানিয়ে দেন, তার পাসপোর্ট সংক্রান্ত একটি ‘সিকিউরিটি ইস্যু’র কারণে তিনি বিমানে উঠতে পারবেন না।

তখন তার দলের অন্য সদস্যরা বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠে যান, আর আমের একা বসে থাকেন অনিশ্চয়তার মধ্যে। সেই সময় এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, “আল্লাহ সব কিছুর উপর কুদরত রাখেন। হয়তো এ হজযাত্রা তোমার ভাগ্যে ছিল না।” কিন্তু আমের ছিলেন অটল বিশ্বাসে বলীয়ান। দৃঢ় কণ্ঠে তিনি বললেন, إن شاء الله الطائرة لن تطير وستأتي في التو.. أنا نيتي الذهاب لبيت الله (ইনশাআল্লাহ, প্লেনটি উড়বে না, আবার ফিরে আসবে। আমার নিয়ত হজ—আমি অবশ্যই যাব।)

তার এই অদম্য বিশ্বাসের কিছুক্ষণ পরই ঘটে প্রথম বিস্ময়কর ঘটনা—বিমানবন্দরে ঘোষণা আসে, যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি ফিরে আসছে! উপস্থিত সবাই বিস্মিত হয়ে যায়। কিন্তু তাতেও পাইলট আমেরের জন্য বিমানটির দরজা খোলেননি।

পরে প্লেনটি আবার উড়ে যায়, আমেরকে ফেলে রেখেই। কিন্তু দ্বিতীয়বারও সেটি সমস্যার সম্মুখীন হয়, এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে। ফলস্বরূপ, প্লেন আবারও নিরাপদে ফিরে আসে বিমানবন্দরে। তখন প্লেনের পাইলট নিজেই বলেন,

والله لن أقلع حتى يركب عامر — “আল্লাহর কসম, আমি আর উড়বো না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন।”

অবশেষে, শুধুমাত্র আমেরের জন্যই প্লেনের দরজা খুলে দেওয়া হয় এবং তিনি বিমানে ওঠেন। সৌদি আরবে পৌঁছে হজ পালন শেষে এক ভিডিও বার্তায় আমের বলেন, “আমার এই আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আল্লাহ তাঁর কুদরত দেখিয়েছেন।”

এই ঘটনা শুধু একটি ভ্রমণ কাহিনি নয়—এটি আল্লাহর একটি গুণ ‘আল-কাহ্‌হার’ (القهّار) বা ‘নিয়ন্ত্রণকারী ও পরাক্রমশালী’-এর বাস্তব প্রকাশ। তিনি চাইলে নিয়ম ভেঙে দিতে পারেন—রেওয়াজ, নিরাপত্তা, এমনকি আবহাওয়া পর্যন্ত পরাভূত হতে পারে একজন বান্দার পবিত্র নিয়ত ও অটল ঈমানের কাছে।

error: Content is protected !!