বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান উপস্থাপন করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
সার্বিকভাবে পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পাসের হারে সবার ওপরে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড, যেখানে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে যশোর বোর্ড, যার পাসের হার ৭৩.৬৯ শতাংশ।
বিভিন্ন বোর্ডের পাসের হার নিম্নরূপ:
কারিগরি বোর্ড: ৭৩.৬৩ শতাংশ
চট্টগ্রাম বোর্ড: ৭২.০৭ শতাংশ
মাদ্রাসা বোর্ড: ৬৮.০৯ শতাংশ
সিলেট বোর্ড: ৬৮.৫৭ শতাংশ
ঢাকা বোর্ড: ৬৭.৫১ শতাংশ
দিনাজপুর বোর্ড: ৬৭.০৩ শতাংশ
কুমিল্লা বোর্ড: ৬৩.৬০ শতাংশ
ময়মনসিংহ বোর্ড: ৫৮.২২ শতাংশ
বরিশাল বোর্ড: ৫৬.৩৮ শতাংশ
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ছিল ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ছিল ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।
সারা দেশে মোট ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের ব্যবধানে এ বছর ফলাফল প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণভাবে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
